
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রস্ততি সভার বিস্তর আলোচনায় ২৫ মার্চের কালো রাতে মির্জাপুরে কি হয়েছিলো, সেই রাতে কারা পাকিস্তানি বাহিনীর নারকিয়তার শিকার হয়েছিলো ইত্যাদি ঘটনাগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য লিপিবদ্ধ করে রাখার দাবি জানিয়েছেন মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ খাদিজা ইয়াসমিন।
বীর মুক্তিযোদ্ধা ও মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র শহিদুর রহমান শহিদ জাতীয় দিবসে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধার হাতে উপহার সামগ্রী তুলে দেওয়ার পরিবর্তে পরিমাণে কম হলেও সকল মুক্তিযোদ্ধার হাতে উপহার সামগ্রী তুলে দেওয়ার দাবি জানান।
বীর মুক্তিযোদ্ধা ও মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন মণি জাতীয় দিবস গুলোতে সর্বত্র যেনোতেনোভাবে জাতীয় পতাকা উত্তোলনের সমালোচনা করে যথাযথভাবে যেন পতাকা উত্তোলন করা হয় সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস ২৫ মার্চ গণহত্যা দিবসকে একটি আন্তর্জাতিক দিবস হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য জনমত গড়ে তোলার তাগিদ দেন।
প্রস্ততি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মো. একাব্বর হোসেন।
…বাসাইলসংবাদ/ ০৫ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




