
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে আটককৃত স্কুলপড়ুয়া ৩ কিশোরকে নিজ খরচে তাবলিগ জামায়াতে পাঠিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে শুভ, আশিক ও জিহাদ নামের ৩ ছাত্রকে তাবলিগ জামায়াতে পাঠান তিনি।
জানা যায়, স্কুল পড়ুয়া ওই কিশোর মির্জাপুর পাইলট গালর্স স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়া এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার সময় নানাভাবে উত্ত্যক্ত করতো। গত সোমবার এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময়ও ওই ৩ কিশোর তাকে উত্ত্যক্ত করে। পরে এ ঘটনায় মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন মেয়েটির বাবা। এরপর মঙ্গলবার দুপুরে পরীক্ষা কেন্দ্রের সামনে ওই তিন কিশোর মেয়েটিকে উত্ত্যক্ত করতে এলে পুলিশ তাদের আটক করে বলে নিশ্চিত করেন মির্জাপুর থানার উপ পরিদর্শক মুরাদ।
সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক বলেন, উত্ত্যক্তের অভিযোগে আটককৃত ৩জনই কিশোর। তাদের শিক্ষা জীবনের কথা বিবেচনা করে সাজা না দিয়ে তাবলিগ জামায়াতে পাঠানো হয়েছে।
…বাসাইলসংবাদ/০৬ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




