
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ছিনতাইয়ের পর কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তিন ছিনতাইকারী। হত্যাকা-ের প্রায় আড়াই মাস পর ঘটনার সাথে জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পরে বরিবার (১৯ জানুয়ারি) টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আকরামুল ইসলামের কাছে গ্রেফতারকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলন করে এতথ্য জানান। নিহত কামাল হোসেন পাবনা জেলার ইশ্বরদী উপজেলার রূপপুর জিগাতলা এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতরা হলেন- বরিশাল জেলার উজিরপুর উপজেলার নারকেলি গ্রামের মোসলেম মিয়ার ছেলে কাউছার আহমেদ (৩৫), সাকরাইল গ্রামের ইসমাইল হাউলাদের ছেলে মাইনুল ইসলাম সুমন (৩০) এবং ঢাকা জেলার কেরানীগঞ্জের ইটখোলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মামুন মিয়া (৩২)।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে বলেন, ‘গত বছরের ৭ নভেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মির্জাপুর উপজেলার বাইমাইল এলাকায় অজ্ঞাত একটি লাশ পাওয়া যায়। পরে লাশটি উদ্ধার করে পুলিশ মির্জাপুর থানায় নিয়ে আসে। লাশের পাশে একটি মোবাইল নম্বরসহ চিরকুট পাওয়া যায়। চিরকুটের সূত্র ধরেই নিহত ওই ব্যক্তির ছেলে কামরুজ্জামান মির্জাপুর থানায় এসে লাশটি তার বাবার বলে শনাক্ত করেন। ওই সময় নিহতের ছেলে বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করে।’
তিন আরও বলেন, ‘তদন্তে জানা যায়- সাভারের হেমায়েতপুর এলাকার কাউছার নামের এক ব্যক্তি ঘটনার সাথে জড়িত রয়েছে। তাকে গত শুক্রবার হেমায়েতপুর থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে হত্যাকা-ের সাথে জড়িত মাইনুল সুমনকে মিরপুর থেকে গত শনিবার গ্রেফতার করা হয়। তাদের উভয়ের তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে অপর জড়িত মামুনকে কেরানীগঞ্জ থেকে রবিবার (১৯ জানুয়ারি) ভোরে গ্রেফতার করা হয়। এ হত্যাকা-ের সাথে দেলোয়ার নামে আরও এক ব্যক্তি জড়িত রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
পুলিশ সুপার আরও বলেন, ‘গ্রেফতারকৃতরা ছিনতাই চক্রের সদস্য। কামাল হোসেনকে জোর করে গাড়িতে উঠিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাশ রাস্তার পাশে ফেলে রেখে যায় তারা।’
…বাসাইলসংবাদ/২১ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




