
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে কবর খুঁড়ে ২২টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শুভুল্যা সোহাগ কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা সোহাগ কবরস্থানটি দীর্ঘদিন আগে শুভুল্যা, কুর্নী ও হাতকুড়া গ্রামের মানুষ মিলে প্রতিষ্ঠা করেন। ওই তিন গ্রামের মানুষ মারা গেলে সেখানে তাদের দাফন করা হয়। বুধবার সকালে স্থানীয়রা কয়েকটি কবর সংলগ্ন গর্তখুড়া দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে কবরস্থানের ভেতরে প্রবেশ করেন তারা। পরে ২২টি কবরের কঙ্কাল চুরির বিষয়টি দেখতে পান।
শুভুল্যা সোহাগ কবরস্থান কমিটির সভাপতি হুমায়ূন তালুকদার বলেন, ‘কয়েক মাস পূর্বেও কবরস্থান থেকে ৫/৬টি কঙ্কাল চুরি হয়েছে। একই কায়দায় মঙ্গলবার রাতেও ২২টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।’
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
…বাসাইলসংবাদ/০৯ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




