
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের দুইদিন পর সেপটিক ট্যাংক থেকে তোফাজ্জল হোসেন তোতা (৩৫) নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া গ্রামের নারায়ণ মাস্টারের বাড়ির পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন এতথ্য নিশ্চিত করেছেন। নিহত তোফাজ্জল ঘাটাইল উপজেলার মাইজবাড়ি গ্রামের সাবাস উদ্দিনের ছেলে।

ওসি হাসান আল মামুন বলেন, ‘নিহত তোফাজ্জল পাথালিয়া গ্রামে তার শশুরবাড়ী থেকে রাজমিস্ত্রির কাজ করতো। গত ১৯ ডিসেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে পরেরদিন নিহতের স্ত্রী সাথী আক্তার কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। শনিবার পাথালিয়া গ্রামের নারায়ণ মাস্টারের বাড়ির সেপটিক ট্যাংকের স্লাপ উল্টো দেখে স্থানীয়রা কাছে গিয়ে লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকের ফেলে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
…বাসাইলসংবাদ/একেবি




