
বাসাইলসংবাদ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন ও বিক্রির দায়ে একজনকে সাতদিনের কারাদন্ড ও আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৩ আগষ্ট) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই রায় প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, ভূঞাপুর উপজেলার বঙ্গবন্ধু (যমুনা) সেতু গাইড বাঁধ সংলগ্ন গোবিন্দাসী পর্যন্ত বেশ কয়েকটি অবৈধ বালুর ঘাট তৈরি করা হয়েছে। শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বালু ব্যবসায়ী দুলাল হোসেন চকদারকে ৫০হাজার টাকা, নিকরাইলের মাসুদের বালুর ঘাট থেকে সিরাজকান্দি গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাসুদকে ১লাখ টাকা অর্থদন্ড ও পূর্নবাসন (লেংরা বাজার) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মোহরকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধের বিষয়ে প্রশাসন সোচ্চার রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালত কর্তৃক কারাদন্ডপ্রাপ্ত মোহরকে শনিবার (২৪ আগষ্ট) টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




