
বাসাইলসংবাদ: শুক্রবার, ০২ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে মাসুদ মিয়া (২০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহোদর বড় ভাই ও তারই পিতার বিরুদ্ধে। শুক্রবার (২ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের কাশাদহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলেকে হত্যার অভিযোগে সাবেক ইউপি সদস্য মফিজ উদ্দিনকে আটক করেছে পুলিশ। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। এ ঘটনার পর থেকে নিহতের বড় ভাই মতিয়ার রহমান পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।
স্থানীয়রা জানান, মাদকাসক্ত ছেলে মাসুদ শুক্রবার সকালে তার বাবা মফিজ
উদ্দিনের কাছে এক লাখ টাকা দাবি করে। মফিজ উদ্দিন তা দিতে অস্বীকার করলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাদকাসক্ত মাসুদ উত্তেজিত হয়ে বাড়ির আসবাবপত্র ভাংচুর করা শুরু করে। এ সময় মফিজ উদ্দিন ছেলেকে চড় থাপ্পড় মারে। এতে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠে। পরবর্তীতে বড় ভাই মতিয়ার কোদালের ঘাড়া দিয়ে মাদকাসক্ত মাসুদকে পেটালে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের বাবা সাবেক ইউপি সদস্য মফিজ উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের ভাই অভিযুক্ত মতিয়ার রহমান পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/একেবি




