
বাসাইলসংবাদ: সোমবার, ০১জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুই হোটেল মালিক ও লাইসেন্স না থাকায় দুই ডেন্টাল ক্লিনিক মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০১ জুলাই) দুপুরে পৌর এলাকা ও উপজেলার তক্তারচালা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌর এলাকার সাজ্জাত হোটেলের মালিক রাসেল আহমেদ ও ধানসিঁড়ির হোটেলের মালিক সোহেল রানা দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ওই দুই হোটেলে অভিযান চালায়। অপরদিকে, উপজেলার তক্তারচালা বাজারে জয়িতা ও তোফাজ্জল নামের দুই ডেন্টাল ক্লিনিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, ‘নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় সাজ্জাত হোটেল মালিককে ৫০ হাজার ও ধানসিঁড়ির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তক্তারচালা বাজারে জয়িতা ডেন্টালের মালিক কার্তিক চন্দ্র সরকারকে ১৫ হাজার এবং তোফাজ্জল ডেন্টালের মালিক তোফাজ্জল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
বাসাইলসংবাদ/একেবি




