
বাসাইলসংবাদ: বুধবার, ১৩ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক: প্রস্তুত মির্জাপুর। প্রস্তুত মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্স। আগামীকাল বৃহস্পতিবার (১৪ মার্চ ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন “দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক-২০১৯” প্রদান অনুষ্ঠানে। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা। এ নিরাপত্তায় নিয়োজিত থাকবে দেড় হাজার পুলিশসহ বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ তথ্যটি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী আকাশপথে বেলা ১১টা ২০ মিনিটে মির্জাপুরে পৌঁছাবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ও বেশ কয়েকজন মন্ত্রীসহ মোট ৩৫০ জন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে থাকবেন। অবস্থান করবেন বিকেল ৩ টা পর্যন্ত। সেখানে “দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক-২০১৯” প্রদান ছাড়াও ভারতেশ^রী হোমসের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ, কুমুদিনীর অভ্যন্তরীণ বিভিন্ন স্থাপনা ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন। এছাড়াও কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেবেন।
কুমুদিনীর অন্যতম পরিচালক ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি জানান, এবার দেশের চার বরেণ্য ব্যক্তি যথাক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী (মরণোত্তর), জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদকে স্মারক স্বর্ণপদক সম্মাননা দেওয়া হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পক্ষে তার নাতনি খিল খিল কাজী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পক্ষে বঙ্গবন্ধু কন্যা ও উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি শেখ রেহানা সম্মাননা স্বারক গ্রহণ করবেন বলেও জানান তিনি।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী বেলা ১১টা ২০ মিনিটে হেলিকপ্টার যোগে মির্জাপুরে অবতরণ করবেন।’
বাসাইলসংবাদ/একেবি




