
বাসাইলসংবাদ: সোমবার, ০৪ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন। সোমবার (০৪ মার্চ) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস এবং স্বতন্ত্রপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম মনোনয়নপত্র জমা দেয়ার সময় পাল্টাপাল্টি মিছিল বের করে। এ সময় মিছিল দুটি বাসাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের অন্তত ২০জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মনোনয়নবঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার জন্য যাওয়ার সময় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হাজী মতিয়ার রহমান গাউস গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়। এঘটনায় আমার ৫জন কর্মী আহত হয়েছে। আহত অবস্থায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস বলেন, ‘মনোনয়নপত্র জমা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় কাজী অলিদের লোকজন আমার সমর্থিত কর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ১০ থেকে ১৫জন কর্মী আহত হয়েছে। ৬জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বাসস্ট্যান্ডে আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে।’
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, আওয়ামী লীগের দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ার জন্য মিছিল নিয়ে বের হয়। এসময় দুই গ্রুপের মিছিলটি বাসাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এঘটনায় বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




