
বাসাইলসংবাদ: শুক্রবার, ০৫ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে ধলাবানু ওরফে নাজমা বেগম (৪০) নামের এক বিধবা নারীর চোখ-মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ অক্টোবর) বিকেলে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রতিমা বংকী বেতুয়াপাড়া এলাকা থেকে ওই বিধবা নারীর লাশ উদ্ধার করা হয়। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত বিধবা নারী ওই এলাকার মৃত নওশের আলীর স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়- নিহত ধলাবানুর দুই ছেলে চাকরি সূত্রে ঢাকা বসবাস করায় তিনি ওই বাড়িতে একাই থাকতেন। গত দুইদিন যাবৎ মাকে ফোনে না পেয়ে তার ছেলে শুক্রবার সকালে মামা আয়নাল হককে বিষয়টি জানান। পরে আয়নাল হক ওই বাড়িতে গিয়ে খোঁজাখুজির পর বাড়ির টয়লেটের ভেতর চোখ-মুখ বাঁধা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ওসি এসএম তুহীন আলী বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/একে




