
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী সাহিদা বেগমকে (৪০) কুঁপিয়ে হত্যার ৯ মাস পর ঘাতক স্বামী সোনা মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ ও ডিবি পুলিশ। মঙ্গলবার ভোরে ঢাকার ধামরাই উপজেলার কেলিয়া এলাকা থেকে থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ একটি দল তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোনা মিয়া সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের কৈয়ামধু কারিগরপাড়া গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে। দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। আসামী সোনা মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছেন বলেও পুলিশ জানায়।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ নভেম্বর সকালে উপজেলার কৈয়ামধু গ্রামের কারিগরপাড়া এলাকার সোনা মিয়া তাঁর স্ত্রী সাহিদাকে নিয়ে লাকড়ি কাটতে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে দেওবাড়ি বনে যান। সেখানে দুজনের কথা-কাটাকাটির একপর্যায়ে সোনা মিয়া দা দিয়ে সাহিদাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে রেখে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই সাহিদার মৃত্যু হয়। এরপর থেকেই সোনা মিয়া পলাতক ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় সাহিদার বড় ভাই হাফেজ আলী বাদি হয়ে সখীপুর থানায় মামলা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, স্ত্রীকে হত্যা করে স্বামী সোনা মিয়া ৯ মাস পালিয়ে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ধামরাই থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, দীর্ঘদিন ধরে হত্যা মামলায় পুলিশ সোনা মিয়াকে খুঁজছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বাসাইলসংবাদ, ২২ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




