
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে থিনার (দাহ্য পদার্থ) ভর্তি ড্রাম বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আলামিন নামের একজনের মৃত্যু হয়। এরআগে শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের এতিমখানা রোডের এসএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে। ওইদিন ইয়াকুব রাজু নামের অপর শ্রমিকের মৃত্যু হয়। এসময় আতিকুল (৪০) ও সবুজ (২৬) নামের আরও দুইজন শ্রমিক আহত হন।

নিহতরা হলেন- সখীপুর উপজেলার বগাপ্রতিমা গ্রামের তাহের আলীর ছেলে ইয়াকুব রাজু (৩২) ও ফুলবাড়িয়া উপজেলার দুলাল মিয়ার ছেলে আলামিন (১৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে আতিকুল ও আল আমিন থিনার ভর্তি ওই ড্রামটি খোলার জন্য এতিমখানা রোর্ডের এসএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নিয়ে যান। ওয়ার্কশপের কর্মচারী ইয়াকুব রাজু ওই ড্রামটি খুলতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ইয়াকুব রাজুর মৃত্যু হয়। এসময় তার শরীরের বিভিন্ন অঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন গিয়ে লাশটি উদ্ধার করে। ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনারদিন এক শ্রমিকের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।
বাসাইলসংবাদ, ২২ ডিসেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




