
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীসহ চার জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করেন। এরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ, বাংলাদেশ বৈরাবরি পার্টির পীর সৈয়দ আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ও আরজু মিয়া।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সিআইবি রিপোর্ট অনুযায়ী খেলাপী ঋণের জামিনদার থাকায় আওয়ামী লীগ মনোনিত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য খান আহমেদ শুভ’র মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও দাখিলকৃত এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় বৈরাবরী পার্টির (অনিবন্ধিত) যুগ্ম-সম্পাদক পীর সৈয়দ আলমগীর হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু ও আরজু মিয়ার মনোনয়নপত্রও বাতিল হয়েছে। এ আসনে সাতজনের মধ্যে
তিনজনের মনোনয়নপত্র বৈধ হয়। এরা হলেন- জাতীয় পার্টির জহিরুল ইসলাম জহির, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির গোলাম নওজেব চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী। এই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ময়মনসিং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।
জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, ‘যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আপিল করার সুযোগ পাবেন। এ আসনে সাতজনের মধ্যে তিনজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।’
প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর ৩০ নভেম্বর এই আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচনি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ আসনে আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাসাইলসংবাদ/ ২০ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




