
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রবিজল সেক (২৮), একই গ্রামের সাবদুল সেকের ছেলে শাহাজল সেক (৪২), পিকআপচালক একই উপজেলার মহালগিরি কাজার এলাকার হেকমত আলীর ছেলে সুজন মিয়া (২৫) এবং হেলপার কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন (২৮)। ঢাকায় সবজি বিক্রি করে তারা বাড়ি ফিরছিলেন।
মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, ভোরে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও বলেন, পরে গুরুতর আহতাবস্থায় পিকআপে থাকা দুই জনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার থানা হেফাজতে রাখা হয়েছে।
বাসাইলসংবাদ, ১৯ নভেম্বর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






