
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভ্রাক্ষনকুশিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। রাকিবুল এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা বাসাইল কলেজপাড়া পৌঁছালে অপরদিক থেকে আসা ওই মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় রাকিবুলের মৃত্যু হয়।
বাসাইল থানার এসআই মো. হাবিব বলেন, ‘নিহত রাকিবুলের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আইনী পক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
বাসাইলসংবাদ/ ২৩ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




