
নিজস্ব প্রতিবেদক : ‘এসো সবাই লিখি পড়ি, আলোকিত জীবন গড়ি’ এই প্রতিপাদ্যেকে সামনে নিয়ে টাঙ্গাইলের বাসাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় শতভাগ শিক্ষা নিশ্চিত করতে ‘শিখন কেন্দ্রের’ উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে কখনও স্কুলে না যাওয়া এবং ঝরে পড়া শিশুদের প্রাথমিক শিক্ষাদানে ‘শিখন কেন্দ্রের’ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার(২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের সভাপতিত্বে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম পিইডিপি-৪ শিখন কেন্দ্র উদ্বোধন করেন টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, টাঙ্গাইল উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারি পরিচালক একেএম বজলুর রশীদ তালুকদার, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, টাঙ্গাইল উদয়ের নির্বাহী পরিচালক দে সুধীর চন্দ্রসহ প্রমুখ। এসময় ৩০জন শিক্ষার্থীকে বই বিতরণ করা হয়।
প্রসঙ্গত, এই ‘শিখন কেন্দ্রে কখনও স্কুলে না যাওয়া এবং ঝরে পড়া শিশুদের প্রাথমিক শিক্ষা সমাপন করে শিক্ষার মূল ধারায় সম্পৃক্ত করা হবে। এলাকার শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী সকাল ৯ টা থেকে ১২ টা অথবা বিকাল ২ টা থেকে ৫টা পর্যন্ত চলবে এই শিক্ষাদান। এছাড়া শতভাগ শিক্ষার্থীর জন্য উপবৃত্তি ব্যবস্থা, আনন্দঘন পরিবেশে শিক্ষাদানের জন্য দাবা, লুডু, স্ক্রাবল বোর্ড, পাজল প্রভৃতি খেলার সরঞ্জাম সরবরাহ করা হবে। বিনামূল্যে খাতা-পেন্সিল, স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, ব্লাক বোর্ড, সাইন বোর্ড, ফ্লোর ম্যাট সরবরাহ করা হবে।
বাসাইলসংবাদ/ ২১ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




