
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও দিনে দুই ঘন্টা বিদ্যুতের লোডশেডিং চলবে। দেশ ও জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গ্রাহকদের এই লোডশেডিংকাল ধৈর্যের সাথে মেনে নেওয়ার অনুরোধ জানিয়ে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে। বাসাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) অঞ্জন কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ আহবান জানানো হয়। বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন স্থগিত ঘোষণা করা হয়েছে।

ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখার ফলে যে ঘাটতি হবে সেটি পূরণে গ্রাহক পর্যায়ে দিনে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং করা হবে। আর এলাকাভিত্তিক এই লোডশেডিং শুরু হয়েছে ১৯ জুলাই মঙ্গলবার থেকেই। বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটে দেশের গ্রাহক পর্যায়ে লোড শেডিংয়ের বিষয়টি গ্রাহকদের ধৈর্য ও সহ্যের সাথে সবাই মিলে অতিক্রম করার আহবান জানান বাসাইল পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) অঞ্জন কুমার সরকার। তিনি এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, সারা দেশের ন্যায় বাসাইলে এলাকাভিত্তিক লোডশেডিং হবে দিনে এক থেকে দুই ঘণ্টা। এ সময় গ্রাহকদের ধৈর্যধারণ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেন। গত সোমবার সকালে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক উচ্চপর্যায়ে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এতে অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনা, ভার্চুয়ালি অফিস করা, এসি ব্যবহারে সংযমী হওয়াসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
জানা যায়, আপাতত ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত থাকবে, এতে দিনে বিদ্যুতের ঘাটতি হবে ১০০০-১৫০০ মেগাওয়াট। জ্বালানি আমদানির খরচ কমাতে সপ্তাহে ১ দিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প। রাত ৮টার পর দোকানপাট, বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। অফিস-আদালত, বাসা-বাড়ি, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান সমূহে এসি ব্যবহার সীমিত করার নির্দেশনাও রয়েছে। কাজ ঠিক রেখে অফিসের কর্মঘণ্টা ১ থেকে ২ ঘণ্টা কমানোর পরিকল্পনাও গৃহিত হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী, এখন কয়লা থেকে ৭ দশমিক ৮৯ শতাংশ, গ্যাস থেকে ৫০ দশমিক ৮৪ শতাংশ, ফার্নেস অয়েল থেকে ২৮ শতাংশ এবং ডিজেল থেকে ৬ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ অবস্থায় জ্বালানি সাশ্রয় নীতির কারণে দিনে এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে।
বাসাইলসংবাদ/ ১৯ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




