
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে কথিত ‘জিনের বাদশা’ জাহাঙ্গীর হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জাহাঙ্গীর হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বাসাইল উপজেলার বাসিন্দা এক মেয়ের বিয়ের পর সংসার ভেঙে যায়। পরে মেয়েটি অন্য এক ছেলের সাথে সম্পর্কে জড়ায়। সেই সম্পর্কটাও ভেঙে যাওয়ার পথে। এমন অবস্থায় মেয়েটি ‘কবিরাজ বাড়ি’ নামের একটি আইডিতে যোগাযোগ করেন। কথিত জিনের বাদশা ছেলের সাথে সম্পর্ক ঠিক করে দিবে বলে মেয়েটির কাছে থেকে প্রথমে পাঁচ হাজার টাকা নেয়। এরপর বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা নিতে থাকে। প্রতারণা করে মেয়েটির কাছে থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে কথিত জিনের বাদশা জাহাঙ্গীর মেয়েটিকে বলে প্রেমিকের সাথে সম্পর্ক ঠিক করতে হলে নগ্ন ছবি লাগবে। মেয়েটি বিশ্বাস করে কথিত জিনের বাদশা জাহাঙ্গীরকে ছবি দেয়। ছবি পেয়ে পুনরায় সে টাকা দাবি করে। মেয়েটি বুঝতে পেরে বাসাইল থানা পুলিশকে বিষয়টি অবগত করে। পরে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাসাইল থানা পুলিশ দাপনাজোর এলাকা থেকে কথিত জিনের বাদশা জাহাঙ্গীর হোসেনকে আটক করে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, কথিত জিনের বাদশা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। জিনের বাদশা জাহাঙ্গীর বিভিন্নভাবে কম বয়সী মেয়েদের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। জিনের বাদশার মূল টার্গেট ছিল মেয়ে মানুষ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ, ২১ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




