
নিজস্ব প্রতিবেদক : চারিদিকে করোনার আতঙ্কে সাধারন মানুষের ভেতরে ভয় বিরাজ করছে। নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না কেউ। করোনার এই আতঙ্কের ভেতর টাঙ্গাইলের বাসাইলে মানুষের মধ্যে যোগ হয়েছে পাগলা কুকুরের কামড় আতঙ্ক। শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়েছে দুই শিশুসহ ৭জন।

জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার দিনের বিভিন্ন সময় পৌর এলাকার থানাপাড়ার মঙ্গল মিয়ার ছেলে কবির মিয়া, পূর্বপাড়ার বেনু সুত্রধর, উত্তরপাড়ার সোমা আক্তার (১৩), বেপারী পাড়ার পলান বেপারী, উপজেলার সুন্যা গ্রামের মারুফ (৮) ও আবিদ এবং কাঞ্চনপুরের আসমা আক্তারকে কুকুরে কামড়িয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল এ্যাসিসটেন্ট সুবোধ কুমার দাস বলেন, যে সাতজনকে পাগলা কুকুর কামড় দিয়েছে তাদের ক্ষতগুলো খুব বেশি নয়। প্রত্যেককেই ইনজেকশন দেয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছে।
…বাসাইলসংবাদ/ ২৪ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




