
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে একটি মসজিদের বারান্দার সিঁড়ি ভাঙনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার হাবলা ইউনিয়নের টেগুরিয়াপাড়া তালুকদারবাড়ী জামে মসজিদে এ ঘটনা ঘটে। আর অভিযোগটি উঠেছে ওই এলাকার আনোয়ারুল হক লাল্টু তালুকদারের ছেলে নিয়ামুল হক সবুজের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, উপজেলার হাবলা ইউনিয়নের টেগুরিয়াপাড়া তালুকদারবাড়ী জামে মসজিদের কমিটির লোকজনের সাথে দ্বন্দ্বে সম্প্রতি নিয়ামুল হক সবুজ মসজিদটির বারান্দার সিঁড়ি ভেঙে ফেলেন। বিষয়টি নিয়ে মুসুল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি সমাধানে আগামী সোমবার সালিশী বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে।
মসজিদ পরিচালনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান বলেন, ‘নিয়ামুল হক সবুজ মসজিদের নামে প্রায় আড়াই শতাংশ জমি দান করেছেন। পরে ওই জমিতে ঈমামের থাকার জন্য একটি ভবন নির্মাণ করা হয়। শৌচাগার ও ওজুখানার পানি নিষ্কাশন করার জন্য ভবনটির সামনে কাজ শুরু করা হয়। পরে কাজটি না করার জন্য বাধা দেয় সবুজ। বিষয়টি নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এক পর্যায়ে সবুজ মসজিদের বারান্দার সিঁড়ি ভেঙে ফেলে।’ বিষয়টি সমাধানের জন্য আগামী সোমবার সালিশী বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে বলেও তিনি জানান।
মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলাউদ্দিন বলেন, শৌচাগার ও ‘ওজুখানার পানি নিষ্কাশনের জন্য কাজ শুরু করা হয়। সবুজ কাজটিতে বাধা দেয়। বিষয়টি নিয়ে কথাকাটাকাটি হয়। পরে সবুজ মসজিদের বারান্দার সিঁড়ি ভেঙে ফেলে। বিষয়টি মীমাংসার জন্য বসা হবে।’
অভিযুক্ত নিয়ামুল হক সবুজ মসজিদের বারান্দার সিঁড়ি ভাঙার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি এটা ভুল করেছি।’
তিনি আরও বলেন, ‘আমি মসজিদে আড়াই শতাংশ জমি দান করেছি। মসজিদ কমিটি সেখানে একটি ভবন নির্মাণ করেছে। ভবনের ওজুখানা, টয়লেট ও প্রস্রাবখানার পানি ওই জমির পাশে আমার আরেক জমিতে যায়। বিকল্প ব্যবস্থার জন্য মসজিদ কমিটির লোকজন তখন সময় নিয়েছিল। তারা পানি নিষ্কাশনের জন্য কাজ করছিল। আমি তাদের বলেছিলাম এটা এক্টু সরিয়ে দেন। কিন্তু তারা তা শুনেনি। তাদের বাধা দেয়া হয়নি।’
বাসাইলসংবাদ/ ২৫ ফেব্রুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




