
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশনে জুয়েল মিয়া নামে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৩ মে) দিনগত রাতে বাসাইল থানা ও টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুয়েল মিয়া বাসাইল সদর ইউনিয়নের নাইকানবাড়ী এলাকার সহিদ মিয়ার ছেলে। তিনি বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ।
জানা গেছে, বাসাইল থানা ও টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে উপজেলার নাইকানীবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জুয়েল মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুুলিশ। গত ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় আইন শৃংখলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
এরআগে ২০ মে বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সংগ্রামকে গ্রেফতার করা হয়।
বাসাইলসংবাদ, ২৪ মে, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






