
নিজস্ব প্রতিবেদক : কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ও উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কমিটি ঘোষণার পরে সন্ধ্যা পৌনে ৭টায় বাসাইল প্রেসক্লাবে হাজির হয়ে দলীয় গঠনতন্ত্র পরিপন্থি ও অগণতান্ত্রিক পন্থায় কমিটি ঘোষণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সভাপতি পদপ্রত্যাশি পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ ও সাধারন সম্পাদক পদপ্রত্যাশি শফিউল আরেফিন খানশুর সুজন। এসময় এ সময় তাদের সমর্থক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শফিউল আরেফিন খানশুর সুজন বলেন, ‘প্রথম অধিবেশনে কমিটি বিলুপ্ত না করে ও ২য় অধিবেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুপস্থিতিতেই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম অগণতান্ত্রিক পন্থায় কমিটি ঘোষণা করেছেন। এ ঘোষণা তৃণমূল আওয়ামী লীগ মেনে নেয়নি। আমরা অনিয়মতান্ত্রিকভাবে কমিটি ঘোষণার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যাপরে আমরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকেও জানাবো।
আব্দুর রহিম আহমেদ বলেন, দুই প্যানেলের নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা না করে কমিটি ঘোষণা দলীয় গঠনতন্ত্র পরিপন্থি। স্থানীয় সাংসদ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামকে দায়ী করে তিনি বলেন, দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির অনুপস্থিতিতে তিনি কমিটি ঘোষণা করেন। এতে তৃণমুল আওয়ামী লীগের কাউন্সিলরদের প্রত্যাশা পুরণ হয়নি। সাংসদ তার পকেট কমিটি ঘোষণা করে গেলেন। এতে উপজেলা আওয়ামী লীগের দলীয় গ্রুপিং কোন্দল বাড়বে। দুর্বল হয়ে পড়বে দলীয় সাংগঠনিক কার্যক্রম। আমরা এর সুরাহা চাই। প্রয়োজনে প্রধানমন্ত্রী পর্যন্ত যাবো। আমরা এ কমিটি মানি না।
বাসাইলসংবাদ/ ২৭ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




