
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে একটি ডিপার্টমেন্টাল ষ্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার কাঞ্চনপুর ঢংপাড়া চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।

এদিকে, খবর পেয়ে বাসাইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে এরমধ্যেই দোকানটির সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ডিপার্টমেন্টাল ষ্টোর ছাড়াও পাশের পান ও ফলের দোকানেও আগুন লাগে।
ডিপার্টমেন্টাল ষ্টোরের সত্ত্বাধিকারী সোহেল মিয়া বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার খবর পাই। পরে দ্রæত সেখানে গিয়ে দেখি আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়েছে। আমার দোকানের হার্ডওয়ার, বিদেশী কসমেটিক, গ্রোসারী কর্নার, মানি এক্সচেন্স, পোল্ট্রিফিড ও মেডিসিন, ইলেকট্রনিক্স, চাউল, ভুসি, সারসহ বিভিন্ন ধরণের পণ্য বিক্রি করা হতো।
এ ঘটনায় নগদ টাকা ও মালামালসহ আমার দুই কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, ‘দোকানটিতে চাউল, ভুসি, কসমেটিক, সার, কৃষি পণ্যসহ নানা ধরণের মালামাল বিক্রি হতো। দোকানটি বাজারের মধ্যে সব চেয়ে বড়। দোকানের মালিক অনেক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন।’
বাসাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে যাওয়া হয়। সেখানে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। দোকানে অনেক ধরণের মালামাল ছিল। এজন্য আগুন নিয়ন্ত্রণে আসতে বেশি সময় লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করছি- বৈদ্যুতিক শর্ট সার্কিট বা কয়েলের আগুন থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। প্রথমে মালামালের মধ্যে আগুন লাগে এরপর ধীরে ধীরে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও বাসাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুনসহ জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বাসাইলসংবাদ, ২৩ অক্টোবর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






