
নিজস্ব প্রতিবেদক : ক্রমেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ৪০ হাজার ৯০৬টি যানবাহন পারাপার করেছে। এ থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা। শুক্রবার (১৪ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্যটি নিশ্চিত করেন।

জানা যায়, স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হলেও ঈদযাত্রাকে কেন্দ্র করে তা বাড়তে থাকে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ২২ হাজার ৬৪৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৪০০ টাকা। সেতুর পশ্চিম প্রান্তে ১৮ হাজার ২৬১টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৬৩ লাখ ১৫ হাজার ৯০০ টাকা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘বিগত দিনের তুলনায় কোরবানির ঈদকে ঘিরে মহাসড়কে গরুবাহী ট্রাক, পিকআপভ্যান ও যাত্রীবাহী বাসের সংখ্যা বেড়েছে। উত্তরবঙ্গ থেকে ফলবাহী ট্রাকের সংখ্যা বাড়ছে। সেতু এলাকায় কোথাও জট নেই। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।’
বাসাইলসংবাদ, ১৪ জুন, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






