
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : মানিকগঞ্জের দৌলতপুরে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার একই পরিবারের ৫জনসহ ৭ জন নিহতের ঘটনায় নিহত হরে কৃষ্ণ বাদ্যকর ও রামপ্রসাদ বাদ্যকরের পরিবারের পাশে দাড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। রবিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার চাষাভাদ্রা গ্রামে নিহতদের বাড়িতে উপস্থিত হয়ে সংসদ সদস্য টিটুর পক্ষে নগদ ৬০ হাজার টাকা প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর।

এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এমপি টিটুর শোকবার্তা পৌছে দেন। তিনি বলেন, আমাদের সংসদ সদস্য বিদেশে থাকার কারনে স্বশরীরে আসতে পারেননি। কিন্তু তিনি মর্মান্তিক এ ঘটনায় বেশ মর্মাহত। তিনি আরও বলেন, সংসদ সদস্য টিটু জানতে পেরেছেন এই এলাকার হিন্দু ধর্মালম্বীদের মৃতদেহ সৎকার করার জন্য স্থায়ী কোন শ্মশান নেই। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দ্রুত চাষাভাদ্রা এলাকার হিন্দু ধর্মালম্বীদের একটি স্থায়ী শ্মশান নির্মাণ করে দিবেন। এছাড়া পরিবারের সকলকে হারানো হরেকৃষ্ণ বাদ্যকরের স্ত্রী ঝর্ণা বালাকে সহায়তার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকেও পরিবার দুটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ভাদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা শওকত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মুলকান্দি নামকস্থানে এক দুর্ঘটনায় এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ সিএনজিতে থাকা সকলেই মারা যায়। এতে হরেকৃষ্ণ বাদ্যকরের পরিবারের সকলেই নিহত হয়। স্বামী, ছেলে, শাশুড়ী, ছেলের বৌ ও নাতনীসহ পরিবারের সকলকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন হরেকৃষ্ণ বাদ্যকরের স্ত্রী ঝর্ণা বালা।
বাসাইলসংবাদ/ ০৬ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




