
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেনকে আটক করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ আটক করে। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় জানান, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল জেলায় জেলায় বুধবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে। সেই কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা ছাত্রদল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় হবিবুর রহমান প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করে। আব্দুল বাতেন বক্তৃতা করার সময় পুলিশ লাঠি চার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বাতেনকে আটক করে নিয়ে যায়। এই হামলায় সদর উপজেলা ছাত্রদলের কর্মী সাজ্জাদ হোসেনসহ ৫/৬ জন আহত হয়েছে বলে দুর্জয় হোড় দাবি করেন।
টাঙ্হাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, আটককৃত আব্দুল বাতেনকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে পুলিশ আদালতে পাঠায়। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানার আদালতে হাজির করা হলে তিনি কারাগারে পাঠানোর আদেশ দেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, ‘তিনি নেতার্মীদের নিয়ে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। খবর পেয়ে সেখান থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
বাসাইলসংবাদ, ২৮ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




