
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে থাকায় টাঙ্গাইল শহরের কান্দাপাড়ায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম যৌন পল্লীতে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘোষণা করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

এদিকে সন্ধ্যায় আপদকালীন সময়ের জন্য প্রতি যৌনকর্মীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
শহীদুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাস মোকাবেলার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। যাতে করে বাইরের কেউ ভাইরাস আক্রান্ত হয়ে এখানে ছড়াতে না পারে। আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল ধরণের যাতায়াত নিষিদ্ধ থাকবে। এ সময় এই পল্লী থেকে কোন যৌনকর্মী বাইরে বের হতে পারবেন না এবং তাদের কোনও খদ্দের বা অন্য কেউ পল্লীতে প্রবেশ করতেও পারবেন না।’
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘ঘোষিত সময়ের মধ্যে বাইরে থেকে যাতে কেউ প্রবেশ করতে না পারে সে জন্য পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ২১ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




