
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভা এলাকায় বাড়ির সেপটিক ট্যাংক নির্মাণের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। মঙ্গলবার (১০ মে) দুপুরে টাঙ্গাইল পৌরসভার আশিকপুর এলাকার নজরুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝটু পালের ছেলে আনন্দ পাল (৫৫) ও আন্নাত পালের ছেলে নিধন পাল।
স্থানীয়রা জানান, দুপুরে পাঁচ শ্রমিক নজরুলের বাড়ির নির্মাণাধীন নতুন ভবনের সেপটিক ট্যাংক নির্মাণের জন্য মাটি খুঁড়ে কুয়া তৈরি করছিল। এ সময় শ্রমিকরা প্রায় ১৫ ফুট মাটি খুঁড়ে নিচে নামেন। পরে ওপর থেকে মাটি ধসে তাদের ওপরে পড়ে। এতে নিচে থাকা আনন্দ ও নিধন পাল মাটির নিচে চাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ভেকু দিয়ে মাটি সরিয়ে দুই জনের লাশ উদ্ধার করে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার যন্ত্র (ভেকু) দিয়ে মাটি সরিয়ে ওই দুই জনের লাশ উদ্ধার করে। তারা নিরাপত্তা নিশ্চিত না করেই সেপটিক ট্যাংক নির্মাণ করছিলেন।
বাসাইলসংবাদ/ ১০ মে, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




