
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে দুইটি পৌরসভায় ৭দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। আগামী মঙ্গলবার (২২ জুন) থেকে টাঙ্গাইল পৌরসভা ও এলেঙ্গা পৌরসভায় সর্বাত্মক এ বিধিনিষেধ কার্যকর হবে। রবিবার (২০ জুন) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জানা যায়, জেলায় করোনা শনাক্তের হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সব চেয়ে বেশি শনাক্ত হচ্ছে টাঙ্গাইল সদর, কালিহাতী ও মির্জাপুর উপজেলায়। এজন্য টাঙ্গাইল পৌরসভা ও কালিহাতীর এলেঙ্গা পৌরসভায় প্রথম পর্যায়ে ৭দিনের জন্য এ বিধিনিষেধ জারি করা হয়েছে। আগামী ২২ জুন থেকে শুরু হয়ে এ বিধিনিষেধ চলবে ২৮ জুন পর্যন্ত।
জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, ‘২২ থেকে ২৮ জুন পর্যন্ত টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় সর্বাত্মক কঠোর বিধিনিষেধ বহাল থাকবে। সেখানে শুধু মাত্র কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় ঔষধের দোকান খোলা থাকবে। হোটেল ও মার্কেটসহ অন্যান্য সব বন্ধ থাকবে। এছাড়াও রিকশা, অটোরিকশা ও ইজিবাইকও চলাচল বন্ধ থাকবে। এক সপ্তাহ পরে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে জেলা করোনা প্রতিরোধ কমিটির মাধ্যমে আবার বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’
জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর- ৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলার বিভিন্ন উপজেলায় আরও ৪৭জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১০৯জন। এপর্যন্ত মৃত্যু হয়েছে ৯৮জনের।
বাসাইলসংবাদ/ ২০ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




