
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে পৃথকস্থানে ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে পিকআপভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের খড়গ-নিকলা রেলক্রসিং এলাকায় পিকআপভ্যান পাড় হওয়ার সময় ট্রেনের ধাক্কা লেগে ও একই সময়ে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় কাটা পড়ে এ ঘটনা ঘটে।

এদের মধ্যে পিকআপভ্যান চালকের পরিচয় পাওয়া গেলেও অপর নারীর পরিচয় পাওয়া যায়নি। নিহত পিকআপভ্যান চালক ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের তারা মিঞার ছেলে জুয়েল মিঞা (২৯)।
স্থানীয়রা জানান, জুয়েল মাল বোঝাই পিকআপভ্যান নিয়ে ভূঞাপুর উপজেলার খড়গ-নিকলা অরক্ষিত রেলক্রসিং পাড় হচ্ছিল। এসময় পিকআপভ্যানের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এসময় পিকআপভ্যান দুমড়ে-মুচরে যায়। পরে স্থানীয়রা পিকআপ চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে একই সময় কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত এনামুল হক বলেন, দুপুরের দিকে ট্রেনে কাটা পরা পিকআপভ্যান চালককে হাসপাতালে আনা হয়েছিল। ওই সময় আমার ডিউটি ছিল না। শুনেছি তিনি মারা গেছে।’
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মারফিন হাসান বলেন, দুপুরের দিকে উত্তরবঙ্গগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পিকআপভ্যান চালকের মৃত্যুর বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
বাসাইলসংবাদ/ ১৪ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




