
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বাসার সামনে থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মোহা. ইমামুর রশীদের মোবাইল ছিনতাই হয়েছে। এ ঘটনায় দীর্ঘ সময় পাড় হলেও এখনও ছিনতাইকারীকে আটক করতে পারেনি পুলিশ। তবে পুলিশ ভিডিও ফুটেজ দেখে ছিনতাইকারীকে শনাক্ত ও আটকের চেষ্টা চালাচ্ছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ এতথ্যটি নিশ্চিত করেছেন। এরআগে সকালে শহরের ক্লাব রোডের সরকারি তার বাস ভবনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তার সাথে প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এদিকে, খবর পেয়ে ঘটনার পরপরই টাঙ্গাইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সাথে কথা বলে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে কমান্ড্যান্ট পুলিশ সুপার তার সরকারি বাস ভবনের সামনে দিয়ে হাটতেছিলেন। এসময় এক ছিনতাইকারী এসে তার হাত থেকে মোবাইলটি নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পুলিশের সাথে এমন ঘটনা ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। মাঝে মধ্যেই শহরের ক্লাব রোড, জেলা সদর রোড, ও বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, ডিসি লেকসহ শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব ছিনতাইয়ের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরফলে দিন দিন শহরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, ‘এটা ছিনতাই না, চুরি। চুরি আর ছিনতাইয়ের মধ্যে বিশাল প্রার্থক্য আছে। ছিনতাই হলে ভয়ভীতি দেখাতে হবে। স্যার হেটে যাচ্ছে তখন পেছন থেকে মোবাইলটি টান দিয়ে নিয়ে দৌঁড় দিয়েছে। এটা এক রকম চুরি বলা যায়। আমি খুব মর্মাহত, সবাই এটাকে ছিনতাই বলছে।’
তিনি আরও বলেন, ‘ভিডিও ফুটেজ পেয়েছি। নম্বর ট্যাগ করা হচ্ছে। আশা করছি দ্রæতই পেয়ে যাবো। এখনও মামলা বা কেউ আটক হয়নি।’
এ বিষয়ে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মোহা. ইমামুর রশীদের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
বাসাইলসংবাদ, ১৮ অক্টোবর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






