
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে মারামারি মামলায় হযরত আলী তালুকদার নামের এক ইউপি চেয়ারম্যানের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কালিহাতী-ধনবাড়ী) আমলী আদালতের বিচারক শামসুল আলম এ আদেশ দেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেছেন

হযরত আলী তালুকদার উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ট্রাকে লোড আনলোডের অস্থায়ী ষ্টেশন থেকে চাঁদা তোলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুলি সর্দার আকবর আলীর সাথে গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদারের বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে গত বছরের ৬ অক্টোবর সকালে চেয়ারম্যানের নেতৃত্বে কুলি সর্দারকে মারধর করা হয়। পরে ওইদিন বিকেলে কুলি সর্দার আলী আকবরের ছোট ভাই আবু বক্কর বাদি হয়ে চেয়ারম্যান হযরত আলী তালুকদারকে প্রধান আসামী করে ২০ জনের নামে মামলা দায়ের করেন।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, ‘মারামারি মামলায় মেডিকেল রিপোর্ট (এমসি) প্রাপ্তি সাপেক্ষে গত বছরের ১৩ অক্টোবর থেকে চেয়ারম্যান হযরত আলী তালুকদার জামিনে ছিলেন। সোমবার আদালতে হাজির হলে তার চলমান জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পরে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।’
বাসাইলসংবাদ/ ০৭ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




