
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে রবিউল ইসলাম রবিন (৩০), একই এলাকার আব্দুল মজিদ ভূইয়ার ছেলে মোজাম্মেল হোসেন মুগ্ধ (২২) ও মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের হলুদিয়া গ্রামের আবু তালেবের ছেলে মো. রাজিব (৩৫)।
টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, গত ১৬ জুলাই শহরের সাবালিয়া এলাকার স্কুল শিক্ষক আব্দুল কুদ্দুসের বাসার সামনে থেকে তার মোটরসাইকেল চুরি হয়। ওইদিন আব্দুল কুদ্দুস বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে সিসি টিভির ফুটেজ দেখে গত ২৫ জুলাই এসআই মফিকুল ইসলামের নেতৃত্বে রবিউল ইসলাম রবিন ও মোজাম্মেল হোসেন মুগ্ধকে গ্রেপ্তার করা হয়। তাদের গত রোববার আদালতে তোলা হলে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ি রোববার রাতে মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের হলুদিয়া গ্রাম থেকে মো. রাজিবকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার দুপুরে রাজিবকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
মোশারফ হোসেন বলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশে বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইলে শহরের কয়েকটি চোর চক্রের মাধ্যমে মোটরসাইকেল চুরি হয়ে থাকে। তারা মধুপুরের রাজিবের কাছে চুরি হওয়া মোটরসাইকেল বিক্রি করে থাকে বলে তিনি জানান।
…বাসাইলসংবাদ/ ২৭ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




