
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বৈধ কাগজপত্র না থাকায় ১৭টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এছাড়াও আরও কয়েকটিকে জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ মে) দিনব্যাপী স্বাস্থ্য অধিদফরের নির্দেশনায় টাঙ্গাইল সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সুপারভিশন ও মনিটরিং বিষয়ে সভার সিদ্ধান্ত মোতাবেক সারাদেশের ন্যায় টাঙ্গাইলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা অনিবন্ধিত ক্লিনিক বন্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। অভিযানের প্রথমদিনে টাঙ্গাইল শহরে চারটি, মধুপুর উপজেলায় দুইটি, ভূঞাপুরে দুইটি, মির্জাপুরে দুইটি, ঘাটাইলে একটি ও গোপালপুরে ছয়টি অনিবন্ধিত ক্লিনিক সিলগালা করা হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুআরা খাতুন জানান, বৈধ কাগজ পত্র না থাকায় শহরের স্বদেশ স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ক্লিনিক, আমানত ক্লিনিক এন্ড হসপিটালকে সিলগালা করা হয়েছে। এছাড়াও কমফোর্ট হসপিটালের মালিককে ৩০ হাজার টাকা, দি সিটি হাসপাতালের মালিককে ২০ হাজার টাকা ও ডিজিল্যাবকে ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়াও রোগী থাকার কারণে ডিজি ল্যাবকে রোববার পর্যন্ত সময় দেয়া হয়েছে। তারপর সেটিও সিলগালা করা হবে।’
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘বৈধ কাগজপত্র না থাকায় প্রথমদিনের অভিযানে টাঙ্গাইল সদরসহ বিভিন্ন উপজেলায় ১৭টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এছাড়াও আরও কয়েকটিকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
বাসাইলসংবাদ/ ২৮ মে, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




