
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে রাইস মিলের বয়লার নিচে চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ডুবাইল এলাকার একতা রাইস মিলে এ ঘটনা ঘটে। এঘটনায় আরও চারজন শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও উদ্ধার অভিযান চালাচ্ছেন।

নিহতরা হলেন- কুড়িগ্রামের সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের বাচ্চু মিয়ার ছেলে আরিফ (২৭), একই জেলার গোরুহাড়া গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম। তারা সবাই ওই রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, রাইস মিলের প্রায় এক হাজার টনের বয়লার ভেঙে ২০ ফুট ওপর থেকে নিচে পড়ে যায়। এসময় কয়েকজন শ্রমিক সেটার নিচে চাপা পড়ে। এ পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। ভিতরে আরও লাশ থাকতে পারে। এ ঘটনায় চার জন আহত হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
বাসাইলসংবাদ, ০৫ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




