
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একটিতে আওয়ামী লীগ মনোনিত ও অপরটিতে বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। বুধবার (১২ অক্টোবর) রাতে বেসরকারি ফলাফলে হেমনগর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আনিছুর রহমান তালুকদার হীরা ও ঝাওয়াইল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী মিজানুর রহমান তালুকদারকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনের দাঁয়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা নাজমা সুলতানা এ ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, সকাল ৮টা থেকে উপজেলার হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। এরআগে সকালে হেমনগর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির স্বতন্ত্র প্রার্থীর কর্মি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দিনব্যাপী বিভিন্ন কেন্দ্র ও কেন্দ্রের বাইরে থমথমে অবস্থা বিরাজ করে। দু’চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়।
হেমনগর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আনিসুর রহমান তালুকদার হীরা ৬ হাজার ১৪১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম টেবিল ফ্যান প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাসুদ খান নাসির পেয়েছেন ৫ হাজার ১৯৯ ভোট। এছাড়াও এ ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী গোলাম রোজ তালুকদার পেয়েছেন ৩ হাজার ৮৯০ ভোট। ঝাওয়াইল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান তালুকদার ৮ হাজার ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নৌকা প্রতীকের প্রার্থী আয়শা আকতার পেয়েছেন ৭ হাজার ৯০৬ ভোট।
প্রসঙ্গত, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে উপজেলার এ দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ছিল।
বাসাইলসংবাদ, ১২ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




