
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা স্থানীয় সাংবাদিক কামাল হোসেনের বাবা-মা। শুক্রবার (৪ জুন) রাত পৌনে ৮টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এতথ্যটি নিশ্চিত করেছেন। এরআগে বৃহস্পতিবার (৩ জুন) টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সাংবাদিক কামাল হোসেনের বাবা সোহরাব আলী (৮৫) ও মা সুফিয়া বেগম (৭৫)। তারা উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের গর্জনা গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৮ মে হঠাৎ করে সোহরাব আলী ও তার স্ত্রী সুফিয়া বেগম অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদেরকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের দুইজনের করোনা পরীক্ষা করোনা হয়। পরীক্ষার ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাদের দুইজনকেই নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ওয়ার্ডে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে প্রথমে সুফিয়া বেগমের মৃত্যু হয়। আর স্ত্রীর মৃত্যুর ৫ ঘণ্টার ব্যবধানে রাত ১০টার দিকে সোহরাব আলীও মারা যান। এরপর শুক্রবার সকালে তাদের গর্জনা গ্রামে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘জেলায় এ পর্যন্ত ৫হাজার ১১৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৮৪জনের মৃত্যু হয়েছে।’
বাসাইলসংবাদ/ ০৪ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




