
মো. জোবায়ের হোসেন ॥ সর্বত্রই কান্নার রোল। আহাজারিতে ভারি উপজেলার আজগানা ইউনিয়নের পাশাপাশি দুটি গ্রাম কুড়াতলী ও ঘাগড়াইয়ের আকাশ-বাতাস। কারণ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই দুই গ্রামের ৬জন। এর মধ্য দুই পরিবারেরই ৪জন। সম্পর্কে বাবা-মেয়ে ও দাদা-নাতি।

স্থানীয় (ঘাগড়াই-কুড়াতলি) ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘এতোগুলো লাশ একসাথে দেখতে হবে কখনোই ভাবিনি। কিভাবে আমরা এই শোক ধারণ করবো তাও জানি না।’
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, কুড়াতলী গ্রামের মৃত জহিরউদ্দিনের ছেলে সোনামুদ্দিন (৬৫) ও তারই নাতি আশরাফুল ইসলাম (১০), একই এলাকার হাফিজ উদ্দিন (৫৫) ও তার মেয়ে রুনা আক্তার (২৩), একই ইউনিয়নের ঘাগড়াই গ্রামের পাখি মিয়ার ছেলে শিক্ষক জাকির হোসেন (৪০) ও খলিলুর রহমানের ছেলে সিএনজি ড্রাইভার হৃদয় (২০)।
সোমবার ( ৯ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গোড়াই- সখীপুর আঞ্চলিক সড়কের বেলতৈল এলাকায় হাটুভাঙ্গাগামী মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক অপর একটি ড্রামট্রাককে ওভারটেক করতে গিয়ে প্রথমে সিএনজি ও পরে সিএনজির পিছনের থাকা প্রাইভেটকারকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন হাসপাতালে নেওয়ার পথে ২ জন ও চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান, আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ও ড্রাম ট্রাকের ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।
…বাসাইলসংবাদ/ ০৯ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




