
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে মাথার ওপর গাছ পড়ে শাওন আহমেদ (২১) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার নলুয়া কানু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাওন চতলবাইদ পশ্চিম পাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও মৃত শাওনের স্বজনেরা জানান, ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় পাস করার পর পরিবারের দায়িত্ব নিতে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শাওন। এর মধ্যে তিনি গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গতকাল দুপুর আড়াইটার দিকে শাওন আহমেদ নলুয়া কানু কার্কেট এলাকায় আকাশমণির বাগানে গাছ কাটতে যান। কুড়াল দিয়ে গাছ কাটার সময় আকস্মিকভাবে গাছটি শাওনের মাথার ওপর পড়ে যায়।এসময় স্থানীয়রা তাকে গাছের নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাসাইলসংবাদ, ০২ অক্টোবর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






