
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিমধল্যা এলাকায় ৩৪টি গরু বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ৪ ফেব্রুয়ারি ভোরে কদিমধল্যা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে গরু বোঝাই ট্রাকটি ছিনতাই করা হয় বলে ভুক্তভোগীদের অভিযোগ। এ ঘটনায় মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন ট্রাকচালক সাইফুল ইসলাম রকি। ওইদিন সন্ধ্যায় পুলিশ ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় রাস্তার পাশ থেকে ৩৪টি গরু উদ্ধার করে। যেগুলোর বাজার মূল্য আনুমানিক ১৬-১৮ লাখ টাকা।
ট্রাকের হেলপার মো. নিশান জানান, চাপাইনবাবগঞ্জের সোনাইমুড়ী গরুর হাট থেকে ৩৪টি গরু নিয়ে ট্রাকযোগে ঢাকার গাবতলী হাটের দিকে রওনা দিলে মির্জাপুরের কদিমধল্যা নামক পৌঁছানোর পর একটি কালো হাইয়েস গাড়ি তাদের গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। সে সময় তাদের কাছে ওয়াকিটকি, হ্যান্ডকাপ ও রিভালবার ছিলো বলে জানান তিনি। এরপর একে একে ট্রাকে থাকা সবাইকে গাড়ি থেকে নামিয়ে হাইয়েসে উঠিয়ে হাত-পা বেঁধে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে চোখ বেঁেধ তাদেরকে নিয়ে রওনা দেয় হাইয়েস গাড়ি। পথিমধ্যে বিভিন্ন জায়গায় এক এক করে সবাইকে নমিয়ে দেয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলুর রহমান জানান, এ ঘটনায় ঘটনায় অতিদ্রুত সময়ের মধ্যে ছিনতাই হওয়া গরুগুলো উদ্ধার করা হয়েছে। ট্রাক ও এ ঘটনায় জড়িতদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
…বাসাইলসংবাদ/০৫ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




