
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭:

এনায়েত করিম বিজয়:
নিরীহ পরিবারের মেয়ে তমা আক্তার। যার মুখের বাঁ পাশ আক্রান্ত হয়েছে একখন্ড মাংসপিন্ডে। বয়স বাড়ার সাথে সাথে মাংসও বাড়ছে, বাড়ছে তার অস্বস্থি আর যন্ত্রণা।
ডাক্তার বলছেন, তমা ‘ভাসকুলার ম্যালফরমেশন’ রোগে আক্রান্ত। যা রক্তনালী টিউমার হিসেবে পরিচিত। দীর্ঘমেয়াদী চিকিৎসায় এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
গত ২২ মার্চ তমাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক দেখানো হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেনের নির্দেশনায় বাসাইল উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার তমাকে চিকিৎসক দেখানোর জন্য ঢাকা নেয়ার ব্যবস্থা করে দেন।
চিকিৎসক দেখানোসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা করে অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। চিকিৎসক তমাকে দেখার পর তার এমআরআই, এমআরএ ও রক্ত পরীক্ষা দিয়েছেন। এসব পরীক্ষার রিপোর্ট পাওয়া পর তমার চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নেবেন।
বুধবার(২২ মার্চ) প্রাথমিক পরীক্ষার পর প্লাস্টিক সার্জারী বিভাগের প্রধান ড. ইকবাল মাহমুদ চৌধুরী জানান, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তমার এই রোগটি ‘ভাসকুলার ম্যালফরমেশন’ বা রক্তণালী টিউমার হিসেবে পরিচিত। দীর্ঘমেয়াদী চিকিৎসায় এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।তিনি বলেন, বেশিরভাগ সময়েই রোগীরা জন্ম থেকেই এই রোগে আক্রান্ত হয়ে থাকে।
৩ থেকে ৫ বছরে রোগের আকার বাড়ে। ৯ থেকে ১২ বছরে অনেকের একেবারেই কমে যায়। আর যাদের না কমে তাদের টিউমারের আকার তমার মত এমন হয়ে যায়। দৈহিক বৃদ্ধির সাথে সাথে মাংসপিন্ডের আকারও বাড়তে থাকে। সঠিক সময়ে চিকিৎসা করলে এই রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু তমার ক্ষেত্রে দীর্ঘদিন হয়ে যাওয়ায় এই রোগ থেকে মুক্তি পাওয়া একটু সময় লাগবে।
ইকবাল মাহমুদ আরো জানান, আমাদের দেশেই বেশ কয়েকটি ধাপে এই রোগের চিকিৎসা করা হয়। ইনজেকশন প্রয়োগে তমার টিউমারের আকার কমিয়ে আনা হবে। প্রতিটি ইনজেকশন দেওয়ার পর ৩ থেকে ৫ মাস অপেক্ষা করতে হবে। এভাবে টিউমারের আকার ছোট হয়ে আসার আগ পর্যন্ত চিকিৎসা চলবে। এরপর বাকি অংশ অপারেশনের মাধ্যমে অপসারণ করা হবে। এই পদ্ধতিতে করলে মুখে দাগ থাকবে না। কিন্তু এখনই যদি অপারেশন করা হয় তাহলে মুখে বড় ধরনের দাগ থেকে যাবে।
তমা টাঙ্গাইলের বাসাইল উপজেলার জশীহাটি গ্রামের হত-দরিদ্র কৃষক আতাহার আলী ও শারমিন বেগম দম্পতির মেয়ে। তমা এবার মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে।
পাঁচ ভাই বোনের মধ্যে সবার ছোট তমা । তমার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দিতে অক্ষম তমার অসহায় বাবা-মা। তার চিকিৎসায় অর্থাৎ তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে অন্তত চার লক্ষাধিক টাকা প্রয়োজন।
কোন হৃদয়বান ব্যক্তি তমার চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে তমার বাবার ব্যবহৃত ০১৭৪৭-২৪৪৯০৬ নাম্বারে বিকাশ করতে পারেন। এছাড়া ব্যাংক একাউন্টেও দেশ ও বিদেশ থেকে টাকা পাঠাতে পারেন। টাকা পাঠানোর ঠিকানা- শারমিন আক্তার, একাউন্ট নম্বর- ৩৪০২০৩৪৩, অগ্রনী ব্যাংক লিমিটেড, আইশরা ব্রাঞ্চ, বাসাইল, টাঙ্গাইল ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




