
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আকাশ (২৭) ও তার সহযোগী সৌরভ (২৫) কে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের টাঙ্গাইল ক্যাম্প কমান্ডার মেজর কাওসার বাঁধন প্রেসবিজ্ঞতির মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেন। এরআগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ও সিপিএসসি র্যাব-১ পোড়াবাড়ি গাজীপুর ক্যাম্পের যৌথ অভিযানে জেলার বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী আকাশ ওরফে পিচ্চি আকাশ এবং সৌরভ গাজীপুর কালিয়াকৈরের কলেজছাত্র আবুল কালাম আজাদ হত্যা মামলার আসামী। তারা কালিয়াকৈরের বাসিন্দা।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র আবুল কালাম আজাদ (২৬) পড়াশোনার জন্য গাজীপুরে বসবাস করত। পিচ্চি আকাশ ও তার সহযোগী সৌরভসহ আসামীরা আজাদের পূর্ব পরিচিত। ২০২৪ সালের ২১ ডিসেম্বর আসামীরা ইমন নামের একজনের মাধ্যমে ভিকটিমকে কালিয়াকৈর থানাধীন উলুসারা জনৈক হারুনের দোকানে আসতে বলে। ভিকটিম আসলে উৎপেতে থাকা আসামীরা আবুল কালাম আজাদকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের মা কাঞ্চন বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।
টাঙ্গাইল র্যাবের কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, ‘পিচ্চি আকাশ ও সৌরভ তালিকাভুক্ত অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। কলেজছাত্র আবুল কালাম আজাদ হত্যার মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।’
বাসাইলসংবাদ, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






