
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে মহাসড়কে চলন্তবাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় উজ্জল মোল্লা নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃত উজ্জল মোল্লা উপজেলার কাশিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার (১৪ নভেম্বর) তাকে কাশিল বটতলা এলাকা থেকে বাসাইল থানা পুলিশ গ্রেফতার করে। এরআগে এ মামলায় আরও চারজনকে গ্রেফতার করা হয়। তারা বর্তমানে কারাগারে রয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় স্টেট ফাস্ট (কুরিয়ার সার্ভিস) অফিসের সামনে উত্তরবঙ্গ গামী লেনের ওপর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গত বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনা গামী ‘বাংলা স্টার’ নামের একটি চলন্ত বাসে আগুন দেয়। গাড়িতে থাকা যাত্রীরা টের পেয়ে দ্রুত নেমে যায়। এসময় স্থানীয় লোকজনসহ যাত্রীরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে বাসাইল থানা পুলিশ ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী/সন্ত্রাসীরা নাশকতা করার জন্য ‘বাংলা স্টার’ নামের ওই বাসটি আগুন দিয়ে পুড়িয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে গোড়াই হাইওয়ে থানার এসআই মো. ইসমাইল হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে বাসাইল থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করেছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ, ১৬ নভেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






