
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ও বাসাইল থানা পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) কাঞ্চনপুর বিএ ফাজিল মাদ্রাসা থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঞ্চনপুর মাদ্রাসা বাজারে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র্যালি শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির। তিনি মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টার বিকল্প নেই। এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী কার্যক্রমে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশে কাঞ্চনপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে একটি মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাসাইলসংবাদ, ২৬ আগস্ট, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




