
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু সেতুতে পরিবহন থেকে দ্বিতীয় দফায় বৃদ্ধি করা টোল আদায় কার্যকর না করতে নির্দেশনা দিয়েছে সেতু মন্ত্রণালয়। সোমবার (১৫ নভেম্বর) রাত ১২ টার পর থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এতথ্যটি নিশ্চিত করেছেন।

প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘সোমবার (১৫ নভেম্বর) রাত ১২ টা থেকে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন থেকে সরকার ঘোষিত বাড়তি টোল আদায় শুরু হওয়ার কথা ছিল। সে উপলক্ষে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। তবে অনিবার্য কারণে রাতে মন্ত্রণালয় থেকে বাড়তি টোল আদায় কার্যক্রম শুরু না করতে নির্দেশনা এসেছে। ফলে পরিবহন থেকে বাড়তি টোল আদায় হচ্ছে না। পূর্বের টোল দিয়ে চালকরা সেতু পারাপার হতে পারবে। কবে নাগাদ এটি কার্যকর করা হবে সেটাও বলা যাচ্ছে না বলেও তিনি জানান।
এরআগে গত ২ নভেম্বর (মঙ্গলবার) বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধি নিয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের-এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছিল। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরদিন থেকেই বঙ্গবন্ধু সেতুতে পারাপার হওয়া যানবাহন চালকদের মাঝে টোল বৃদ্ধি করে জারি করা প্রজ্ঞাপনসহ নিজস্ব উদ্যোগে লিফলেট ছাপিয়ে প্রচার প্রচারণা শুরু করে সেতু কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু সেতুতে দ্বিতীয় দফায় টোল বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়, সেতু বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু সেতুর জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণীবিন্যাস এবং টোল হার ধরা হয়েছেÑ মোটরসাইকেল ৫০টাকা, হাল্কা যানবাহনের মধ্যে কার/জীপ ৫৫০, মাইক্রো ও পিকআপ ৬০০, ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০, বড় বাস (৩২ আসন বা এর বেশি) ১০০০, ছোট ট্রাক (৫ টন) ১০০০, মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন) ১২৫০, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন) ১৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ২০০০, ট্রেইলার (৪ এক্সেল) ৩০০০, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৪০০০ টাকা এবং সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচলের জন্য প্রতিবছর এক কোটি টাকা টোল আদায় করা হবে।
এরআগে, গত ২০১১ সালে বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি করা হয়েছিল। তখন টোল বেড়ে মোটরসাইকেলে ৪০ টাকা, হালকা যানবাহন (কার, জীপ) ৫০০ টাকা, ছোট বাস ৬৫০ টাকা, বড় বাস ৯০০ টাকা, ছোট ট্রাক ৮৫০ টাকা, মাঝারি ট্রাক ১১০০ টাকা, বড় ট্রাক ১২৫০ থেকে ১৪০০ টাকা করে আদায় করা হয়েছিল
বাসাইলসংবাদ/ ১৬ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




