
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে পাকস্থলীতে করে ৫০ গ্রাম হেরোইন পাচারের সময় দুইজনকে আটক করেছে র্যাব। রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী গ্রামের মৃত. এলাহী বকস-এর ছেলে মানিকুল ইসলাম (৪৫) ও একই এলাকার মৃত. শাহজাহান আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৩৫)।
প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে পাকস্থলীতে ৫০ গ্রাম হেরোইনবহনকারি ও পাচারকারি চক্রের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইনসহ দুইটি মোবাইল, দুইটি সিমকার্ড ও নগদ ৩১৭০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জিজ্ঞাসাবাদে তারা পায়ুপথের মাধ্যমে পাকস্থলীতে হেরোইনবহন ও পাচার করার কথা স্বীকার করেন। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এক্সরের মাধ্যমে পাকস্থলীতে থাকা হেরোইন সনাক্ত করা হয়। এরপর হেরোইন পাকস্থলী থেকে বের করা হয়। আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’
বাসাইলসংবাদ/ ১৯ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




