
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের সাথে বাসাইল উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খানের সহধর্মিণী বেগম নার্গিস ছিদ্দিকা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

নির্বাচনের পর এই প্রথম বাসাইল উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। এরআগে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ফুলের তোড়া দিয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খানকে শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে তিনি বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এরপর তিনি বাসাইল থানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।
বাসাইলসংবাদ, ০৪ মার্চ, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






