
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিচয় নিশ্চিতের পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে পুলিশ মরদেহগুলো হস্তান্তর করে। এরআগে ভোর ৪টার দিকে মহাসড়কের কালিহাতি উপজেলার সরাতৈল এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরও ৬জন।

নিহতদের মধ্যে নওগাঁর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, রাজশাহী, কুষ্টিয়া ও নাটোর জেলার একজন করে রয়েছেন।
নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুর রশিদের ছেলে মো. বারিক (২১), আব্দুর রহিমের ছেলে বাদশা (৩২), পাকুরিয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০), একই এলাকার রশিদের ছেলে মাইনুল (২৮), রাজেন্দ্রবাটি এলাকার একাব্বর আলীর ছেলে ইয়াকুব (২০), একই এলাকার সুলতানের ছেলে তারেক (২০), হোসেনপুর এলাকার জাফরের ছেলে মাইনুল (৩৫), রামগ্রা এলাকার সুজন (৩৫), রাজশাহীর তানোর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), একই জেলার সদর উপজেলার মামুন (৪৫), কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হবিবুর প্রামাণিকের ছেলে হাসান আলী (৩৯) এবং নাটোরের ইব্রাহিমের ছেলে মোহাম্মদ আলম মোল্লা। তারা চুল ও ভাঙারি মোবাইল ফেরি করে বিক্রি করতেন বলে জানা গেছে।
জানা গেছে, পরিবারের সঙ্গে একত্রে ঈদ উদযাপন করতে বাড়ি ফেরার পথে সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে রডবোঝাই একটি ট্রাকে ওঠেন অন্তত ২৪জন যাত্রী। মধ্যরাত হওয়ায় পথিমধ্যে ট্রাকের যাত্রীরা অনেকেই ঘুমিয়ে পড়েন। এমতাবস্থায় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে ফেলে দেন ট্রাকটি। এসময় যাত্রীদের মধ্যে কেউ কেউ রড ও ট্রাকের চাকার নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১৫জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এবং বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মূহুর্তের মধ্যেই ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়। মৃত্যুর খবর পৌছানোর পর নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারি চলছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্বরত আশরাফুল ইসলাম নামের এক সদস্য বলেন, ‘ঘটনাস্থল থেকে ১৫জনের মরদেহ উদ্ধার করা হয়। এবং ৬জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
যমুনা সেতুর পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, ‘নিহত ১৫ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে।’
বাসাইলসংবাদ, ২৫ মে, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




