
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নতুন করে ১৪৫জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে জেলায় সংক্রমণের হার দাঁড়িয়েছে শতকরা ৪৩.২৮ শতাংশ। এছাড়া শুক্রবার (১৮ জুন) করোনায় আক্রান্ত হয়ে ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মারা গেছেন। এরআগে তাকে সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে পথেই মারা যান তিনি।

নজরুল ইসলামের ভাতিজা মতিয়ার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নজরুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে কালিহাতী পৌরসভার ২ নং ওয়ার্ডের সালেংকাতে তার বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এসময় তার বাসা লকডাউনও করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিলো।
জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, টাঙ্গাইলে করোনা সংক্রমণের হার বেড়ে ৪৩.২৮ ভাগে দাঁড়িয়েছে। যা গতকাল ছিলো ৩৬.১০ ভাগ। জেলায় গেলো ২৪ ঘন্টায় ৩৩৫ টি নমুনা পরীক্ষায় ১৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯৭০ জনে। আর এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৯৭ জন।
এদিকে দেশে বিধিনিষেধ চলমান থাকার পরও হাটবাজার ও শপিংমলগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। প্রশাসন জোড়ালো কোন পদক্ষেপ না নেয়ায় জেলায় সংক্রমণের হার দিন দিন বাড়ছে। এতে নতুন করে ঝুঁকিতে পড়ছে সাধারন মানুষ।
বাসাইলসংবাদ/ ১৮ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




